মধ্যরাতে জাহাঙ্গীরনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পরে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্র শিবির। জামায়াতে ইসলামীর এ ছাত্র সংগঠন ফেসবুকে একটি বিবৃতি দিয়ে নিজেদের প্রকাশ্যে নিয়ে এসেছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামক একটি ফেসবুক পেইজে এ বিবৃতি দেয়া হয়েছে।
তবে এই ঘোষণা আসার পর মধ্যরাতে প্রতিবাদ মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন।
বাংলাদেশের একটি পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মেহেদী মামুন বলেন, “মঙ্গলবার রাতে একটি বিবৃতি দিয়ে ছাত্রশিবিরের প্রকাশ্যে আসে। পরে মধ্য রাতেই দুটি সংগঠনের কয়েকজন কর্মী ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে”।
তবে সকালে এখন পর্যন্ত কোন বিক্ষোভ বা সমাবেশ হয় নি বলে জানান তিনি।
ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়েছে, জাকসু সচলসহ ক্যাম্পাসে সুস্থ ধারার অংশগ্রহণমূলক রাজনীতির চায় ছাত্রশিবির।
ক্যাম্পাসে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি দাবি করে বিবৃতিতে বলা হয়েছে, 'দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ও গোষ্ঠী ছাত্রশিবিরকে আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে নিষিদ্ধের একটি বয়ান তৈরি করে এসেছে। আদতে এই বয়ানের কোনো সত্যতা নেই।
১৯৮৯ সালের ১৫ই অগাস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪২তম সভায় শিবির নিষিদ্ধের প্রস্তাবনা আসলেও এ রকম কোনো সিদ্ধান্ত গৃহীত হয় নি। বরং সভার সিদ্ধান্ত ছিল ‘বিশ্ববিদ্যালয়ের আওতাবহির্ভূত বিধায় এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়’ উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এই বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বিবিসি বাংলাকে বলেন, ২২টি ছাত্র সংগঠন শিবিরিকে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছিল। ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেটের ওই বৈঠকে এটি নিয়ে আলোচনাও হয়েছিল। তবে বিষয়টি 'বিশ্ববিদ্যালয়ের আওতা বর্হিভূত বিধায়' এই বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ সম্ভব নয় বলে সিদ্ধান্ত হয়েছিল।''
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা প্রকাশ করেছিল ইসলামী ছাত্রশিবির।
Positive News Network BD এর অন্যান্য খবর পড়তে মূূলপাতায় ক্লিক করুন

0 Comments